কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় মো. কাউছার আলম (৩৫) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ অক্টোবর) এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত কাউছার আলম কুমিল্লা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সক্রিয় নেতা এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব কবিরের ছোট ভাই বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ছত্রখিল এলাকায় অবস্থানকালে একদল সশস্ত্র দুর্বৃত্ত হঠাৎ কাউছারের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা ট্রমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হত্যাকাণ্ডের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়লে পুরো মহানগরী ও সংলগ্ন এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও চরম উত্তেজনা দেখা দিয়েছে।তবে ঠিক কী কারণে বা কারা এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে, তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ বা কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।এদিকে নির্মম এই হত্যাকাণ্ডের পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতাকর্মীরা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা অবিলম্বে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোড় দাবি জানিয়েছেন।