রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

৩৬ হাজার পিস ইয়াবা, পিস্তল ও গুলিসহ দাউদকান্দিতে আটক ১

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি পিকআপে (মিনিট্রাক) তল্লাশি চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ জাকারিয়া (৪৫) নামে এক চালককে আটক করেছে পুলিশ। এ সময় মাদক ও অস্ত্র পরিবহনে ব্যবহৃত মিনিট্রাকটি জব্দ করা হয়েছে।​বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজার পশ্চিম পাশে এ অভিযান চালানো হয়। শুক্রবার সকালে দাউদকান্দি মডেল থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।​আটক জাকারিয়া কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যোং/হ্নীলা এলাকার মো. সফিকুর রহমানের ছেলে।​পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে মিনিট্রাকে করে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে—এমন গোপন খবরের ভিত্তিতে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় তল্লাশি চৌকি বসায় পুলিশ। সন্দেহভাজন মিনিট্রাকটি থামিয়ে চালক জাকারিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলেও সে মাদক ও অস্ত্রের কথা অস্বীকার করে। পরবর্তীতে তাকে প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গাড়ির পেছনের বডির গঠন দেখে সন্দেহ তৈরি হয়।​পুলিশ দেখতে পায়, বডির ওপর অতিরিক্ত একটি স্টিলের শিট ঝালাই করে ঢেকে বিশেষ কৌশলে ইয়াবা লুকিয়ে রাখা হয়েছে। পরে স্থানীয় ওয়েল্ডিং মিস্ত্রি এনে স্টিলের শিট কেটে ৩৩টি জ্যামিতি বক্সের ভেতর ৮০টি প্যাকেটে মোড়ানো ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে চালকের আসনের নিচ থেকে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।​ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম পলাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালককে আটক এবং ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। আটক আসামির বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

৩৬ হাজার পিস ইয়াবা, পিস্তল ও গুলিসহ দাউদকান্দিতে আটক ১