রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

রাজধানী

মিরপুর-১০ এ দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী

রাজধানীর মিরপুর-১০ এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি পথচারীদের সঙ্গে কথা বলে তাদের চলাচলের সুবিধা-অসুবিধার খোঁজ নেন এবং নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।শনিবার (১৭ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী মিরপুর-১০ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন বলে জানিয়েছেন তাঁর সরকারি প্রেস সচিব এ কে এম নাজমুল হক।পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পথচারীদের কাছে জানতে চান, আগে হকারদের দখলে থাকা ফুটপাত দখলমুক্ত করার পর তাদের চলাচলে কতটা সুবিধা হয়েছে। পাশাপাশি বর্তমানে হাঁটাচলার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কি না, সে বিষয়েও খোঁজ নেন তিনি।এ ছাড়া রাজধানীর ফুটপাত ও সড়ক ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়েও তাদের মতামত শোনেন প্রধানমন্ত্রী। এ সময় পথচারীরা তাদের অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।প্রধানমন্ত্রী ফুটপাতগুলো পথচারীদের ব্যবহারের উপযোগী রাখা, সড়ক ও ফুটপাতের শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।তিনি বলেন, নগরীর ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য। তাই ফুটপাত দখলমুক্ত রেখে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা জরুরি।

মিরপুর-১০ এ দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রী