রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

ব্রাহ্মণপাড়ার ইউএনও মাহমুদা জাহানের বিদায় সম্বর্ধনা

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সম্মাননা অর্জনকারী কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান-এর বদলিজনিত বিদায় উপলক্ষে উপজেলা পরিষদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী মুহূর্তে কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। শনিবার (১৮ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের উদ্যোগে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফুর রহমান এবং ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শেখ হাসিবুর রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, সাবরেজিস্ট্রার দীপঙ্কর দাস, উপজেলা প্রকৌশলী মো. গোলাপ হোসেন ভূইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী মো. শফিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, ইউআরসি ইন্সট্রাক্টর মো. শহীদুল ইসলাম এবং ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মেদ লাভলু বক্তব্য দেন।বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী শাহ আলম খোকন, সহসভাপতি মহসিন কবির সরকার, সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আনিসুর রহমান রিপন ভূইয়া চেয়ারম্যান, শাহজাহান সাজু, মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান।এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, সহসভাপতি রবিউল্লাহ রবি, ধর্মবিষয়ক সম্পাদক মো. মনিরুল আলম বাবুল, দপ্তর সম্পাদক হেদায়েত উল্লাহ সরদার, উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান খান চেয়ারম্যান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সাধারণ সম্পাদক মো. কবির ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সার্জেন শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরামুল ইসলাম, সদস্যসচিব তাজুল ইসলাম মিঠু, শিদলাই ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়েজ আহমেদ সরকার, শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলম, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টু, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মনির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম ভূইয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউএনও মাহমুদা জাহান দায়িত্ব পালনকালে প্রশাসনিক দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানবিক নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর কার্যকর ভূমিকা ব্রাহ্মণপাড়াবাসীর কাছে প্রশংসিত হয়েছে। তাঁর এই অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সম্মাননা অর্জন করেন।বিদায়ী বক্তব্যে মাহমুদা জাহান বলেন, ব্রাহ্মণপাড়ায় দায়িত্ব পালনকালে তিনি উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা পেয়েছেন। এই ভালোবাসা ও স্মৃতি তিনি আজীবন হৃদয়ে ধারণ করবেন। নতুন কর্মস্থলেও একই নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবা করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম বলেন, “মাহমুদা জাহান সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে ব্রাহ্মণপাড়ার মানুষের সেবা করেছেন। জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় সৃষ্টি করে তিনি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করেছেন। তাঁর চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়া শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, এটি ব্রাহ্মণপাড়াবাসীরও গর্ব।”অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী ইউএনও মাহমুদা জাহানকে উপজেলা পরিষদ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং দীর্ঘ করতালির মাধ্যমে একজন জনবান্ধব ও মানবিক প্রশাসনিক কর্মকর্তাকে বিদায় জানান।

ব্রাহ্মণপাড়ার ইউএনও মাহমুদা জাহানের বিদায় সম্বর্ধনা