রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

কুমিল্লার হোমনার একই পরিবারের ছয়জন নিখোঁজ ১জনের মরদেহ উদ্ধার

কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের একটি পরিবারে নাতনির বিয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নদীপথে রওনা দেওয়ার পর মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির মর্মান্তিক ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ছয়জন নিখোঁজ হন। শুক্রবার সকালে নিখোঁজদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি পাঁচজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।​স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার শ্রীমদ্দি গ্রামের নানার পরিবারের সদস্যরা নাতনির বিয়ে উপলক্ষে একটি ট্রলারে করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের উদ্দেশ্যে রওনা দেন। ট্রলারটি মেঘনা নদীর বৈদ্যের বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ বৈরী আবহাওয়া ও ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে ট্রলারে থাকা যাত্রীদের মধ্যে একই পরিবারের ছয় সদস্য নিখোঁজ হন।​শুক্রবার সকালে নদী থেকে নিখোঁজদের একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে স্বজনদের উপস্থিতিতে স্থানীয়ভাবে তাঁর দাফন সম্পন্ন করা হয়। নিখোঁজ বাকি পাঁচজনকে উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।​বিয়েবাড়ির আনন্দের বদলে মর্মান্তিক এই দুর্ঘটনায় পরিবারজুড়ে এখন শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। একই সঙ্গে এই মর্মান্তিক ঘটনায় শ্রীমদ্দি গ্রামসহ আশপাশের এলাকাগুলোতেও শোকের ছায়া নেমে এসেছে।

কুমিল্লার হোমনার একই পরিবারের ছয়জন নিখোঁজ ১জনের মরদেহ উদ্ধার