কুমিল্লার মুরাদনগরে কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গত তিন দিনের টানা সাঁড়াশি অভিযানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মোট ১১টি অবৈধ ড্রেজার ও প্রায় ৬ হাজার ৭০০ ফুট পাইপ ধ্বংস ও অপসারণ করা হয়েছে।এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি মামলায় ৩ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষি জমি ও পরিবেশ রক্ষায় গত রবি থেকে মঙ্গলবার পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে—বাংগরা পশ্চিম ইউনিয়ন: কুরুন্ডি, কুড়াখাল ও দিঘীরপাড় এলাকা থেকে ২টি ড্রেজার এবং ১,২০০ ফুট পাইপ;শ্রীকাইল ইউনিয়ন: রোয়াচালা এলাকা থেকে ১টি ড্রেজার এবং ৮০০ ফুট পাইপ;মুরাদনগর সদর ইউনিয়ন: ইউসুফনগর এলাকা থেকে ২টি ড্রেজার এবং ১,০০০ ফুট পাইপ;পূর্বধইর পূর্ব ইউনিয়ন: কোরবানপুর এলাকা থেকে ১টি ড্রেজার এবং ৭০০ ফুট পাইপ;যাত্রাপুর ইউনিয়ন: যাত্রাপুর এলাকা থেকে ১টি ড্রেজার এবং ৫০০ ফুট পাইপ;দারোরা ইউনিয়ন: বিভিন্ন স্থান থেকে ৩টি ড্রেজার এবং ১,৫০০ ফুট পাইপ;পূর্বধইর পশ্চিম ইউনিয়ন: নবীয়াবাদ এলাকা থেকে ১টি ড্রেজার এবং ৮০০ ফুট পাইপ অপসারণ করা হয়।আইনশৃঙ্খলা রক্ষায় অভিযানের সার্বিক সহযোগিতায় ছিল মুরাদনগর থানা পুলিশের একটি দল।এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন জানান, "অবৈধভাবে মাটি কাটার কারণে একদিকে যেমন উর্বর কৃষি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশ বিপর্যয় দেখা দিচ্ছে। জনস্বার্থ ও আবাদি জমি রক্ষায় প্রশাসনের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"অভিযান চলাকালে স্থানীয় সচেতন মহল ও কৃষকরা প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।