পঞ্চগড়ে ধীরে ধীরে দেখা মিলতে শুরু করেছে কুয়াশা। শুক্রবার (২ অক্টোবর) ভোর থেকে জেলার বিভিন্ন এলাকায় হালকা কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। কুয়াশার কারণে প্রকৃতিতে দেখা দিয়েছে ভিন্ন এক আবহ, অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা।ভোরের দিকে সড়ক, মাঠ-ঘাট ও ফসলের জমির ওপর হালকা কুয়াশা জমে থাকতে দেখা যায়। দূরের গাছপালা ও স্থাপনাগুলোও কুয়াশার আবরণে কিছুটা অস্পষ্ট হয়ে ওঠে। কুয়াশার সঙ্গে হালকা ঠান্ডা বাতাসে ভোরের পরিবেশ হয়ে ওঠে আরও মনোরম।সকালে কুয়াশার মধ্যেই অনেককে প্রয়োজনীয় কাজে বের হতে দেখা গেছে। কৃষকরাও ভোরেই মাঠে যাচ্ছেন। অন্যদিকে, কুয়াশায় ঢাকা গ্রামীণ পথ ও প্রকৃতির দৃশ্য উপভোগ করছেন স্থানীয়রা।স্থানীয়দের অনেকেই বলছেন, পঞ্চগড়ে কুয়াশার উপস্থিতি শীতের আগমনের জানান দিচ্ছে। তবে দিনের বেলা রোদ উঠলে কুয়াশার প্রভাব অনেকটাই কমে যাচ্ছে।উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে প্রতি বছরই শীতের শুরুতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। ধীরে ধীরে প্রকৃতিতে শীতের আমেজ আরও স্পষ্ট হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা।