রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

ইতিহাস-ঐতিহ্য

ভেঙে ফেলা হচ্ছে বিচারপতি রাধাবিনোদ পালের ১১০ বছরের পুরোনো মামাবাড়ি

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিবিজড়িত প্রায় ১১০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী মামাবাড়িটি ভেঙে ফেলার কাজ চলছে। আর অল্প কিছুদিনের মধ্যেই চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই পুরোনো স্থাপনাটি পুরোপুরি বিলীন হয়ে যাবে।স্থানীয় সূত্র জানায়, ১৯১৬ সালে নির্মিত এই বাগানবাড়িটি দীর্ঘদিন ধরে বিচারপতি রাধাবিনোদ পালের মামাবাড়ি হিসেবে পরিচিত ছিল। কর্মজীবনের শুরুর দিকে তিনি হাটবোয়ালিয়া ও আশপাশের অঞ্চলে দায়িত্ব পালন করেছিলেন। সেই সময়ের নানা স্মৃতির সঙ্গে বাড়িটির ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।বাড়িটির বর্তমান মালিকদের ভাষ্য, শতবর্ষ পার করা ভবনটি অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে- এমন আশঙ্কা থেকেই তারা পুরোনো ভবনটি ভেঙে সেখানে নতুন স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন।গ্রামের বয়বৃদ্ধ কৃষক ইন্তাজ আলী বলেন, ‘খুব শিগগিরই এই জায়গায় নতুন ভবন নির্মিত হবে। তখন শতবর্ষের ইতিহাস বহনকারী এই স্থাপনাটির আর কোনো অস্তিত্বও থাকবে না। এর সঙ্গে হারিয়ে যাবে আলমডাঙ্গার ইতিহাস ও ঐতিহ্যের আরও একটি গুরুত্বপূর্ণ স্মারক।’এদিকে, বাড়িটি ভেঙে ফেলার ঘটনায় স্থানীয় সচেতন নাগরিক, ইতিহাস-গবেষক ও ঐতিহ্যপ্রেমীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তাদের মতে, যথাসময়ে সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হলে ঐতিহাসিক এই স্থাপনাটি রক্ষা করা সম্ভব ছিল।

ভেঙে ফেলা হচ্ছে বিচারপতি রাধাবিনোদ পালের ১১০ বছরের পুরোনো মামাবাড়ি