সিরাজগঞ্জের শাহজাদপুরে অপরিশোধিত তরল বর্জ্য পরিবেশে নির্গমনের মাধ্যমে দূষণ করার দায়ে যমুনা টেক্সটাইল লিমিটেড নামের একটি কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটির তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) চার মাসের মধ্যে বর্ধিত ও সংস্কার করে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত উপজেলার মশিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে স্থাপিত ইটিপির সক্ষমতা উৎপাদিত তরল বর্জ্যের তুলনায় কম। ফলে পর্যাপ্তভাবে বর্জ্য পরিশোধন না করেই অপরিশোধিত তরল বর্জ্য পরিবেশে নির্গমন করা হচ্ছিল। এ কারণে পরিবেশ দূষণের দায়ে কারখানা কর্তৃপক্ষকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।এ সময় আগামী চার মাসের মধ্যে কারখানায় স্থাপিত ইটিপি বর্ধিতকরণ, সংস্কার ও কার্যকর করে কারখানা পরিচালনার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে তা বাস্তবায়ন করতে ব্যর্থ হলে কারখানাটির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।এ ছাড়া কারখানা থেকে তরল বর্জ্য নির্গমনের জন্য ব্যবহৃত বাইপাস লাইনটি অপসারণ করা হয়েছে।শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শাহিন আলম।অভিযানে শাহজাদপুর থানার একদল পুলিশ সদস্য সার্বিক সহযোগিতা করেন।পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।