পঞ্চগড় জেলার বোদা উপজেলার ঝলইশালশীরি ইউনিয়নের ধরধরা এলাকায় নবনির্মিত একটি সেতুর দুই পাশের সংযোগ সড়কে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, সেতুটি উদ্বোধনের দুই মাসও পূর্ণ হয়নি। এরই মধ্যে সামান্য বৃষ্টিতেই সেতুর দুই পাশের মাটি ও সংযোগ সড়কের অংশ ধসে পড়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।সরেজমিনে দেখা যায়, সেতুর উভয় পাশে ইটের সড়ক ও মাটির অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সেতু দিয়ে চলাচল। বিশেষ করে শিক্ষার্থী, পথচারী এবং মোটরসাইকেলসহ ছোট যানবাহনের চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।স্থানীয় বাসিন্দারা জানান, জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সেতুটি নির্মাণ করা হলেও উদ্বোধনের অল্প সময়ের মধ্যেই এমন ভাঙন হতাশাজনক। তাদের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের কাজ কিংবা প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে সংযোগ সড়ক ধসে পড়েছে।এলাকাবাসীর মতে, জনসাধারণের যাতায়াত সহজ করার উদ্দেশ্যে নির্মিত এই সেতু বর্তমানে নতুন করে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত মেরামত না করা হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।স্থানীয়রা সেতুর ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার, সংযোগ সড়ক পুনর্নির্মাণ এবং নির্মাণকাজের মান যাচাইয়ের দাবি জানিয়েছেন। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি থাকলে তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছেন তারা।