রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

মোঃ বাবুল হোসেন

মোঃ বাবুল হোসেন

ক্রাইম রিপোর্টার

যোগদান: 1 জুলাই, 2026

১০৪ বছর বয়সে আদালতে আত্মসমর্পণ

দুই যুগ আগে কিশোরগঞ্জে ডাকাতির সময় দুই ব্যক্তিকে হত্যার মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ১০৪ বছর বয়সী নুর মোহাম্মদ আদালতে আত্মসমর্পণ করেছেন। আপিলের শর্তে জামিন চাইলেও আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার চতুর্থ দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফারজানা ইয়াসমিনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন নুর মোহাম্মদ।তার আইনজীবী ফয়সাল আহমেদ বলেন, নুর মোহাম্মদের বয়স ১০৪ বছর। তিনি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত এবং স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না। নিয়মিত চিকিৎসা ও ওষুধ প্রয়োজন হওয়ায় স্বেচ্ছায় আত্মসমর্পণের পর আপিলের শর্তে জামিন চাওয়া হয়েছিল।আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান জানান, অসুস্থতার কথা উল্লেখ করে নিজ খরচে পরিবহনের মাধ্যমে কারাগারে যাওয়ার অনুমতি চেয়েছিলেন নুর মোহাম্মদ। আদালত সেই আবেদনও নাকচ করেছেন।মামলার নথি থেকে জানা যায়, ২০০০ সালের ৩০ ডিসেম্বর রাতে কিশোরগঞ্জের বড় বাজারের একটি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় মোশাররফ হোসেন ও আবদুল কবির নিহত হন। ডাকাতরা দোকানের সিন্দুক থেকে সাড়ে ১২ লাখ টাকা ও ১১০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।ঘটনার পর করা মামলায় ২০০৩ সালের ১৬ নভেম্বর চতুর্থ দ্রুত বিচার ট্রাইব্যুনাল নুর মোহাম্মদসহ আটজনকে মৃত্যুদণ্ড দেন। পরে ডেথ রেফারেন্স শুনানি শেষে ২০০৭ সালের ১৯ আগস্ট উচ্চ আদালত আসামিদের সাজা কমিয়ে দেন। ওই রায়ে নুর মোহাম্মদের সাজা কমে ১০ বছর হয়।মামলার নথিতে আরও উল্লেখ রয়েছে, নুর মোহাম্মদ হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন। পরে জামিনে মুক্ত হয়ে তিনি পলাতক হন। এমনকি রায় ঘোষণার সময়ও তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

১০৪ বছর বয়সে আদালতে আত্মসমর্পণ