রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা নসাৎ করল বিজিবি

মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক সীমান্ত পারাপার) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নজরদারি ও তাৎক্ষণিক তৎপরতায় তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।সোমবার (২৯ জুন) ভোরে নাজিরাকোনা সীমান্তের ১১০ নম্বর মেইন পিলারের কাছে ভারতের নদীয়া জেলার পাথরঘাটা গ্রাম সীমান্ত এলাকা দিয়ে এই পুশইনের চেষ্টা চালানো হয়।স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বিএসএফের পুশইনের খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অভিযান চালান। সেখানে সীমান্তের শূন্যরেখার কাছে একটি পাটক্ষেতের মধ্যে চারজনকে লুকিয়ে থাকতে দেখেন তারা। বিজিবি সদস্যরা তাৎক্ষণিক তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দিলে তারা বাধ্য হয়ে ভারতের কাঁটাতারের বেড়ার দিকে ফিরে যান। বিএসএফ মূলত মোট ১০ জনের একটি দলকে বাংলাদেশে জোরপূর্বক পুশইনের চেষ্টা করছিল। বিজিবির অনড় অবস্থানের কারণে বাকিরা সীমান্তে প্রবেশ করতে পারেনি।এই ঘটনার পর থেকে নাজিরাকোনা ও আশপাশের সীমান্ত এলাকায় বিজিবির পক্ষ থেকে টহল এবং নজরদারি ব্যাপক জোরদার করা হয়েছে। তবে অনুপ্রবেশ চেষ্টার এই ঘটনার বিষয়ে বিজিবির কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা নসাৎ করল বিজিবি