মাদারীপুরের কর্ণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে বরিশালগামী লাবিবা পরিবহনের একটি বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় বাসটির কিছুটা ক্ষয়ক্ষতি হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসে থাকা যাত্রী ও স্টাফরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।বাসের স্টাফদের দাবি, বাসটির সামনে থাকা একটি প্রাইভেটকার কোনো ধরনের সংকেত না দিয়ে হঠাৎ ব্রেক করে। এতে সংঘর্ষ এড়াতে বাসচালক দ্রুত বাসটি ডানদিকে ঘুরিয়ে দেন। এ সময় বাসটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।স্থানীয়দের অভিযোগ, ঢাকা-বরিশাল মহাসড়কের এই অংশটি দীর্ঘদিন ধরে সরু ও বিভিন্ন স্থানে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। এর মধ্যেই সড়কটিতে প্রতিদিন বিপুলসংখ্যক বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। অভিযোগ রয়েছে, কিছু পরিবহনের চালকদের বেপরোয়া গতির কারণেও প্রায়ই ঘটছে দুর্ঘটনা।মহাসড়কটি সংস্কার ও চার লেনে উন্নীত করার দাবিতে বিভিন্ন সময়ে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। এ নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশ হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়দের দাবি, সড়কটি দ্রুত সংস্কার ও প্রশস্ত করা হলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে।