ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী দেলাওয়ার হোসেনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।শনিবার (১৭ অক্টোবর) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং ঠাকুরগাঁওয়ের যুগ্ম জেলা ও দায়রা জজ সাদিয়া আফসানা রিমা স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশ দেওয়া হয়।নোটিশে বলা হয়, দেলাওয়ার হোসেন ও তাঁর সমর্থক নেতা-কর্মীদের বিরুদ্ধে ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকায় ধর্মপ্রাণ ভোটারদের উসকানি দিয়ে বিভ্রান্তি সৃষ্টি এবং সাধারণ ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মসজিদ ও ধর্মীয় উপাসনালয় ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। এর মাধ্যমে সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বলেও এতে উল্লেখ করা হয়।অভিযোগের পরিপ্রেক্ষিতে দাখিল করা ভিডিও পর্যালোচনা করে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ১৫(খ) অনুচ্ছেদের বিধান লঙ্ঘনের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।এ অবস্থায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনে লিখিত সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে না, সে বিষয়ে আগামী ১৯ অক্টোবর সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২১১ নম্বর কক্ষে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগের সমর্থনে প্রাসঙ্গিক সাক্ষ্য-প্রমাণ থাকলে তা উপস্থাপনের আহ্বান জানানো হয়।নোটিশে আরও জানানো হয়, অভিযোগের পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠানো হবে।অভিযোগকারী হিসেবে নোটিশে মো. পয়গাম আলীর নাম উল্লেখ করা হয়েছে। তিনি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচনী এজেন্ট।অভিযোগ ও কারণ দর্শানোর নোটিশের বিষয়ে জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনের বক্তব্য