কেরানীগঞ্জের খারাকান্দি ও শুভাঢ্যা দিঘিরপাড় খাল পুনঃখনন প্রকল্পে নির্ধারিত বাজেটের প্রায় অর্ধেক অর্থ বাঁচিয়ে তাক লাগিয়ে দিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উমর ফারুক। শতভাগ কাজের মান বজায় রেখে প্রকল্পের ১ কোটি ৬৬ লাখ ৪৬ হাজার ৬৯৭ টাকা সাশ্রয় করে তা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করে ইউএনও উমর ফারুক জানান, সরকারি অর্থ জনগণের আমানত। সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা এবং নিয়মিত তদারকি থাকলে নির্ধারিত বাজেট থেকেও সাশ্রয়ী খরচে মানসম্মত কাজ শেষ করা সম্ভব—এই ভাবনা থেকেই তারা সততার সাথে কাজটি সম্পন্ন করেছেন।বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দূর করতে এবং খালের হারানো নাব্যতা ফিরিয়ে আনতে এই পুনঃখনন প্রকল্প গ্রহণ করা হয়।খাল খননের পাশাপাশি অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং দুই পাড়ে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। স্বচ্ছ প্রক্রিয়ায় টেন্ডার আহ্বান ও সরাসরি মনিটরিংয়ের মাধ্যমে অনিয়ম রোধ করায় বাজেটের বিশাল অংশ বাঁচানো সম্ভব হয়েছে।প্রকল্পের কাজ সফলভাবে শেষ করার পর পে-অর্ডারের মাধ্যমে সাশ্রয়কৃত অর্থ সরকারি তহবিলে জমা দেওয়া হয়। সরকারি প্রকল্পে অতিরিক্ত বরাদ্দের প্রচলিত ধারার বাইরে গিয়ে কাজ শেষে টাকা ফেরত দেওয়ার এমন উদ্যোগ স্থানীয় প্রশাসনিক কর্মকাণ্ডে অনন্য এক স্বচ্ছতা ও সততার দৃষ্টান্ত স্থাপন করেছে।