ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে পিকআপভ্যানের সজোর ধাক্কায় প্রবীর (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত প্রবীর দুর্ঘটনাকবলিত পিকআপভ্যানটির হেলপার (চালকের সহকারী) ছিলেন।বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি খালি পিকআপভ্যান বিজয়পাশা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের (রেজি নং: খুলনা মেট্রো-অ-১১-০০৬৮) পেছনে সজোর ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানের সামনের অংশ পুরোপুরি দুমড়েমুচড়ে যায় এবং গাড়ির ভেতরে থাকা হেলপার প্রবীর ঘটনাস্থলেই মারা যান।খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুমড়েমুচড়ে যাওয়া পিকআপের ভেতর থেকে প্রবীরের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মালেক আলী সরদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খালি পিকআপভ্যানটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আটকা পড়া মরদেহ উদ্ধার করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটির (চেসিস নং: JAANKR55L57100281) মালিক অতিরিক্ত সার্জন সোলাইমান (সি এন এম)। দুর্ঘটনার পর গাড়ি দুটিকে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নিহত প্রবীরের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতিসহ পরবর্তী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সড়ক দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।