রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায় প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম।জেলা প্রশাসক জানান, কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে দুপুর সাড়ে ১২টার পর দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান রূপপুর প্রকল্পে পৌঁছায়।এর আগে শনিবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে রওনা হয়।প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, তিনটি লরিতে ইউরেনিয়াম এবং অপর একটি গাড়িতে প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম পরিবহন করা হয়। গাড়িবহরের সঙ্গে রাশিয়া থেকে আসা বিশেষজ্ঞ দলের সদস্যরাও ছিলেন। নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত ছিলেন।এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামবাহী একটি বিশেষ কার্গো বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।প্রকল্প সূত্রের তথ্য অনুযায়ী, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি—মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে সব চালান সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা জানান, প্রকল্পের সব প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন সক্ষমতা পূর্ণমাত্রায় চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় উল্লেখযোগ্য সক্ষমতা যুক্ত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান