যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক (৪২) হত্যা মামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগে মোঃ রমজান (২০) নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার দেওয়া তথ্য ও দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সচল ৭.৬৫ পিস্তল, একটি ওয়ান শুটারগান ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর অভয়নগর থানার বাশুয়ারী পুলিশ ক্যাম্পের আওতাধীন রানাগাতী গ্রামের রশিদ মোল্লার বাগানে মোঃ রশিদুল বাহালুল ওরফে বাহারুল মল্লিককে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।মামলার পর বাশুয়ারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে অভয়নগর থানা পুলিশের একটি দল গোয়েন্দা নজরদারি ও বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযান চালায়। এর ধারাবাহিকতায় গত ১০ সেপ্টেম্বর হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মোঃ আশরাফুল ওরফে আশা ওরফে আশরাফ (৩৮) নামে একজনকে গ্রেফতার করা হয়।পরবর্তীতে দীর্ঘ ১৩ দিন অভিযান পরিচালনার পর গত ২০ সেপ্টেম্বর হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মোঃ রমজানকে গ্রেফতার করা হয়।পুলিশের দাবি, গ্রেফতার রমজানের দেওয়া স্বীকারোক্তি ও দেখানো মতে খুলনা জেলার ফুলতলা থানার দক্ষিণডিহি গ্রামের সোবহান সর্দারের বাঁশবাগানের পশ্চিম কোণে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ৭.৬৫ সচল পিস্তল, একটি লোহার তৈরি একনলা ওয়ান শুটারগান এবং ম্যাগাজিনসহ সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।গ্রেফতার রমজান খুলনা জেলার ফুলতলা থানার দক্ষিণডিহি গ্রামের মিনারুলের ছেলে।পুলিশ জানায়, গ্রেফতার আসামিকে সোমবার (২১ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত ও সংশ্লিষ্ট অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।