রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

আগ্নেয়াস্ত্র, ককটেল ও ওয়াকিটকিসহ গ্রেফতার ১

ফরিদপুর কোতয়ালী থানা এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০) পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করে ১টি বিদেশী রিভলবার, ৫ রাউন্ড তাজা কার্তুজ, ২টি ককটেল, দেশীয় অস্ত্র, সেনাসদস্যের ভুয়া পোশাক সামগ্রী এবং ওয়াকিটকিসহ সাফায়েত আহমেদ (৩৬) নামের এক প্রতারক ও সন্ত্রাসী গ্রেফতার করেছে।​আজ ০৬ অক্টোবর, ২০২৬ তারিখ সকালে কোতয়ালী থানার উত্তর কালীবাড়ি ও নীলটুলি এলাকায় এই অভিযান দুটি পরিচালিত হয়।এসআরবি-১০ সূত্রে জানা যায়, অদ্য সকাল আনুমানিক ০৫:৩৫ ঘটিকায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন উত্তর কালীবাড়ি এলাকার জেনারেল হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনে কতিপয় অপরাধী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানটি পরিচালিত হয়। উক্ত ভবনটি দীর্ঘদিন ধরে স্থানীয় মাদকসেবী ও সন্ত্রাসীদের আস্তানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। অভিযানকালে এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে উপস্থিত মাদকসেবীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ওই পরিত্যক্ত ভবনটিতে তল্লাশি চালিয়ে ১টি বিদেশী রিভলবার এবং ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।প্রথম অভিযানের ধারাবাহিকতায় সকাল আনুমানিক ০৮:৪৫ ঘটিকায় নীলটুলি এলাকার একটি আবাসিক ভবনে পৃথক দ্বিতীয় অভিযান চালায় এসআরবি-১০। এ সময় পালানোর চেষ্টাকালে সাফায়েত আহমেদ নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটক সাফায়েত কোতয়ালী থানার চরকমলাপুর এলাকার মৃত বশির আহমেদের ছেলে।​পরবর্তীতে সাফায়েতের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়:​২টি তাজা ককটেল ও ২৫ রাউন্ড গুলির খোসা​১টি চাইনিজ কুড়াল, ১টি রামদা, ১টি ছুরি, ১টি সুইচ গিয়ার ও ১টি ট্রেজার গান​১টি খেলনা রিভলবার ও ১টি ওয়াকিটকি​১০ পিস ইয়াবা ট্যাবলেট​সেনাবাহিনীর ২টি ক্যাপ, এপিবিএন-এর ১টি ক্যাপ এবং সেনাবাহিনীর ১টি কোমর বন্ধনী (বেল্ট)​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাফায়েত স্বীকার করেছে যে, সে নিজেকে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ফরিদপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরণের প্রতারণা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। অনুসন্ধানে জানা যায়, সাফায়েত ফরিদপুর কোতয়ালী থানার একটি মাদক ও একটি সন্ত্রাস বিরোধী মামলার এজাহারনামীয় পলাতক আসামি।উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও অন্যান্য মালামালসহ গ্রেফতারকৃত সাফায়েত আহমেদকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।​“বাংলাদেশ আমার অহংকার” এই মূলমন্ত্র নিয়ে প্রতিষ্ঠিত এসআরবি সূচনালগ্ন থেকেই অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। এসআরবি-১০ এর কর্মকর্তা জানান, ফরিদপুর অঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপরাধমূলক অপতৎপরতা নস্যাৎ করতে তাদের এ ধরনের ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সাথে, কোথাও কোনো অবৈধ অস্ত্র, মাদক কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য থাকলে অবিলম্বে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনী বা এসআরবি-কে অবহিত করার জন্য সাধারণ জনগণকে অনুরোধ জানানো হয়েছে।

আগ্নেয়াস্ত্র, ককটেল ও ওয়াকিটকিসহ গ্রেফতার ১