রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

চরম নিরাপত্তাহীনতায় ব্রাহ্মণবাড়ীয়ার আশুগঞ্জে মৈত্রী স্তম্ভ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ পাশে বাহাদুরপুর গ্রামে অবস্থিত বাংলাদেশ-ভারত ঐতিহাসিক বন্ধুত্বের স্মারক ‘মৈত্রী স্তম্ভ’ পর্যটনকেন্দ্রটি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। কোনো প্রশাসনিক নজরদারি ও সুনির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দিন দিন এই ঐতিহাসিক স্থানটি অপরাধ ও বিশৃঙ্খলার আখড়ায় পরিণত হচ্ছে। স্থানীয় প্রশাসন কিংবা গ্রাম পুলিশের কোনো সদস্য উপস্থিত না থাকায় প্রায় প্রতিদিনই এখানে পর্যটকদের মধ্যে মারামারি, ধাওয়া-পাল্টাধাওয়া ও উগ্র হট্টগোলের ঘটনা ঘটছে। এতে দূর-দূরান্ত থেকে আসা বিনোদনপ্রেমী ও সাধারণ পর্যটকরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন বিকেল হলেই মৈত্রী স্তম্ভ ও এর আশপাশের মনোরম পরিবেশ উপভোগ করতে শত শত পর্যটক ও স্থানীয় দর্শনার্থীরা এখানে ভিড় জমান। তবে জনগুরুত্বপূর্ণ এই বিনোদনকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখার মতো কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা নিরাপত্তা প্রহরী নেই। এই চরম সুযোগের সদ্ব্যবহার করছে স্থানীয় কিছু কিশোর গ্যাং ও বখাটেরা। আজকেও সেখানে পর্যটকদের দুই পক্ষের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ মারামারি, হাতাহাতি ও ধাঙ্গার (দাঙ্গা) সৃষ্টি হয়, যা উপস্থিত সাধারণ দর্শনার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে দেয়। প্রতিদিনের এই লাগামহীন বিশৃঙ্খলার কারণে যে কোনো মুহূর্তে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ বা অনাকাঙ্ক্ষিত মৃত্যুর মতো দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পর্যটকরা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, “এত সুন্দর একটি ঐতিহাসিক স্থানে প্রতিদিন মারামারি হচ্ছে, অথচ এখানে কোনো পুলিশ বা প্রশাসনের লোক থাকে না। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটলে এর দায়ভার কে নেবে?”এলাকাবাসী এবং সচেতন মহল মৈত্রী স্তম্ভ প্রাঙ্গণে অনতিবিলম্বে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন অথবা নিয়মিত আইন-শৃঙ্খলা বাহিনীর টহল নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই ঐতিহাসিক মৈত্রী স্তম্ভের ভাবমূর্তি রক্ষায় দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা ও আশুগঞ্জ উপজেলা প্রশাসনের জরুরি দৃষ্টি আকর্ষণ করছেন।

চরম নিরাপত্তাহীনতায় ব্রাহ্মণবাড়ীয়ার আশুগঞ্জে মৈত্রী স্তম্ভ