উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের নগরকান্দায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মাহফুজা আক্তার (৭) হত্যা মামলার পলাতক প্রধান আসামী মোঃ বাবলু শেখ (৫৮)-কে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।প্রতিষ্ঠালগ্ন থেকেই এসআরবি হত্যা, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঞ্চল্যকর অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১ আগস্ট ২০২৬ তারিখে ফরিদপুর জেলার নগরকান্দা থানার তারাকান্দি এলাকায় ইদ্রিস আলী মোল্যার ৭ বছরের শিশু কন্যা মাহফুজা আক্তারকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিল। পারিবারিক পূর্ব বিরোধের জেরে শিশুটিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে হত্যার পর আসামী বাবলু শেখের বসতবাড়িসংলগ্ন বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছিল।এ ঘটনায় নিহতের পিতার করা মামলার প্রেক্ষিতে এসআরবি-১০, কেরাণীগঞ্জ, ঢাকা গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ফলস্বরূপ, গত ০৮ অক্টোবর ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১২:৫০ ঘটিকায় (০৯/১০/২০২৬ তারিখ) এসআরবি-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তা ও এসআরবি-৬ এর সহযোগিতায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ভাটিয়াপাড়া এলাকার শংকরপাশা বাজার থেকে হত্যা মামলার প্রধান আসামী মোঃ বাবলু শেখ (পিতা: মৃত আহমেদ শেখ, সাং: তারাকান্দি, নগরকান্দা, ফরিদপুর)-কে গ্রেপ্তার করে।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য আসামিদের আইনের আওতায় আনতে এসআরবির অভিযান অব্যাহত রয়েছে।