উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
খুলনার দাকোপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদীপ বালার বদলির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় সর্বস্তরের মানুষ। দ্রুত তাঁর বদলি আদেশ প্রত্যাহার করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনর্বহালের দাবি জানিয়েছেন বক্তারা।বুধবার সকাল ১১টায় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।স্থানীয়দের অভিযোগ, দাকোপে দায়িত্ব পালনকালে ডা. সুদীপ বালা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করেছেন। তাঁর বদলির সিদ্ধান্তে এলাকার সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ তৈরি হয়েছে।জানা গেছে, গত ১ অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দাকোপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদীপ বালাকে পিরোজপুর জেলার মঠবাড়িয়ার ২০ শয্যাবিশিষ্ট টিয়ারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। স্থানীয়রা এ বদলি আদেশকে ‘অনৈতিক’ দাবি করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেন।চালনা ডাকবাংলো বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোহাম্মদ কামরুল হোসেন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন হাফিজুল ইসলাম।এ সময় বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা, তপন রায়, মুর্শিত ইকবাল হোসেন, আবুল হাসান, অনুকূল ঠাকুর, প্রশান্ত মণ্ডল, আসিফ ইকবাল টিটু, পংকজ বাইন, মিরাজুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা বলেন, ডা. সুদীপ বালা দাকোপে দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর বদলির কারণে দাকোপের স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।মানববন্ধন ও সমাবেশ থেকে ডা. সুদীপ বালার বদলি আদেশ পুনর্বিবেচনা করে তাঁকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।