উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মা ইলিশ সংরক্ষণ অভিযান ও প্রজননকালীন ২২ দিনের নিষেধাজ্ঞা সফল করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিবন্ধিত জেলে পরিবারগুলোর মাঝে মানবিক খাদ্য সহায়তা বিতরণ শুরু করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় উপজেলার ৩০০টি নিবন্ধিত জেলে পরিবারের মাঝে মোট সাড়ে সাত মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে উপজেলার পাটগাতী, ডুমুরিয়া ও কুশলী ইউনিয়ন এবং টুঙ্গিপাড়া পৌরসভার নির্ধারিত কেন্দ্রগুলোতে একযোগে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রতিটি জেলে পরিবার পাচ্ছে ২৫ কেজি করে চাল।উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, এলাকার মধুমতি, বাঘিয়ার ঘাট ও দাড়িয়ার কুলসহ বিভিন্ন নদ-নদীতে ইলিশের অবাধ ও নিরাপদ প্রজনন নিশ্চিতে গত ৭ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে আগামী ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত টানা ২২ দিন মাছ ধরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ নিষেধাজ্ঞা চলাকালে জেলে পরিবারের খাদ্য নিরাপত্তায় ও তাঁদের নদীতে যাওয়া থেকে উৎসাহিত-বিরত রাখতে সরকারের পক্ষ থেকে এ চাল সহায়তা দেওয়া হচ্ছে।চাল বিতরণকালে সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা জেলেদের সরকারি নিয়ম-নীতি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। একই সাথে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণ, পরিবহন, কেনাবেচা বা মজুত করার প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও কঠোর বার্তা দেওয়া হয়।উক্ত চাল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম এবং পাটগাতী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ বিশ্বাস প্রমুখ।