উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সারেংকাঠী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এক রহস্যময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গর্ভবতী রেজিস্টার, ওষুধ রেজিস্টারসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র, চেয়ার-টেবিল, পর্দা ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে লুঙ্গির মতো পেঁচানো একটি পোড়া কুণ্ডলী উদ্ধারের পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাতে স্বাস্থ্যকেন্দ্রটির স্বাস্থ্য পরিদর্শিকা সোনিয়া আক্তারের কক্ষে এ অগ্নিকাণ্ড ঘটে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।স্বাস্থ্য পরিদর্শিকা সোনিয়া আক্তার জানান, সোমবার প্রতিদিনের মতো অফিস শেষে তারা কেন্দ্রটিতে তালা দিয়ে চলে যান। মঙ্গলবার সকাল ৯টার দিকে অফিসে এসে ভেতর থেকে পোড়া গন্ধ পান। পরে তালা খুলে তার কক্ষে গিয়ে দেখেন, টেবিল চেয়ারসহ বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে।তিনি বলেন ভেতরে লুঙ্গির মতো পেঁচানো একটি পোড়া কুণ্ডলী পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সেটি আলামত হিসেবে নিয়ে যায়।উপজেলা মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) জহর বালা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেছেন। ঘটনাস্থল দেখে তাঁর কাছে মনে হয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়নি। আগুনে বেশ কিছু রেজিস্টার ও ওষুধপত্র পুড়ে গেছে। ভেতরে পাওয়া পোড়া কুণ্ডলীটি পুলিশ নিয়ে গেছে। এ বিষয়ে থানায় সাধারন ডায়েরি করা হয়েছে।স্বরূপকাঠি থানার অফিসার ইনচার্জ জনাব মেহেদী হাসান বলেন এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত চলমান তদন্ত শেষে বিস্তারিত বলতে পারবো এবং দোষীদের আইনের আওতায় ব্যবস্থা করা হবে।