উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জামালপুরের দেওয়ানগঞ্জে সরকারি জায়গা ও নদীর পাড় দখল করে পাকা স্থাপনা নির্মাণের দায়ে খায়রুল ইসলাম বাবু (৬০) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে নির্মাণকাজ বন্ধ করে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) দেওয়ানগঞ্জ পৌরসভার সামনের নদী তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্থাপনা নির্মাণকালে তাকে আটক করে এই দণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌরসভার সামনের নদীর পাড় দখল করে এক ব্যক্তি স্থায়ী অবকাঠামো গড়ে তুলছেন—এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় প্রশাসন। ঘটনাস্থল থেকে ঘটনার সত্যতা পেয়ে খায়রুল ইসলাম বাবুকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে 'ভূমি অপরাধ ও প্রতিকার আইন, ২০২৩' অনুযায়ী তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শাহ জহুরুল হোসেন জানান, “অবৈধভাবে নদীর জমি দখল করে স্থাপনা নির্মাণের দায়ে তাকে শাস্তি দেওয়া হয়েছে। সরকারি বা নদীর জমি অবৈধভাবে দখলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”এদিকে, প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নদী ও সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক ও সতর্কতা ছড়িয়ে পড়েছে বলে জানান তারা।