উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পূর্ব শত্রুতার জেরে গাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিক নুরুল ইসলাম (৩৫) হত্যা মামলার এজাহারনামীয় আসামি নিরবকে (৩২) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪)। রোববার (৪ অক্টোবর) রাতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত নিরব গাজীপুর জেলার বাসিন্দা এবং সংশ্লিষ্ট মামলার ৭ নম্বর এজাহারনামীয় আসামি।আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, নিহত নুরুল ইসলাম টঙ্গী পূর্ব থানার গোপালপুর কুমিল্লা পট্টি এলাকায় ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন। আসামি নিরব ও তার সহযোগীদের সঙ্গে তার আগে থেকেই বিরোধ ছিল।পূর্ব শত্রুতার জের ধরে গত ১ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৬:২০টার দিকে আসামিরা সুপরিকল্পিতভাবে নুরুলকে টঙ্গী পূর্ব থানার মিরাশপাড়া আলেরটেক নদীবন্দর এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।এ ঘটনায় নিহত নুরুলের বোন বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা (মামলা নম্বর-০২, তারিখ: ০২ সেপ্টেম্বর ২০২৬) দায়ের করেন। ঘটনার পর থেকে আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়।পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের ভিত্তিতে এসআরবি-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৪ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে বকশীগঞ্জের রামরামপুরে অভিযান চালিয়ে নিরবকে গ্রেফতার করে।এসআরবি-১৪ জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।