উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্ব ফুসফুস দিবস উপলক্ষে সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজে র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির সূচনা হয়। প্রথমে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পার্কভিউ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মুহাম্মাদ শাহাব উদ্দিন। এ সময় রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শেখ মেসবাহউল ইসলাম, বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক, নার্স ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিশেষ করে পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা র্যালিতে অংশ নেন।আয়োজকরা জানান, প্রতি বছর বিশ্ব ফুসফুস দিবস একটি নির্দিষ্ট প্রতিপাদ্য নিয়ে পালিত হয়। এবারের প্রতিপাদ্য হলো সবার জন্য সুস্থ ফুসফুস । এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষা, দূষণ প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মসূচির আয়োজন করা হয়।রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শেখ মেসবাহউল ইসলাম বলেন, মানুষের সুস্থ জীবনের জন্য সুস্থ ফুসফুস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বায়ুদূষণ, ধূমপান ও পরিবেশগত নানা কারণে ফুসফুসের রোগ বাড়ছে। এসব বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে বিশ্ব ফুসফুস দিবস পালন করা হচ্ছে। তিনি আরও বলেন, পার্কভিউ মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিন বিভাগ প্রতি বছরই বিশ্ব ফুসফুস দিবসসহ এ বিভাগের বিভিন্ন স্বাস্থ্যসচেতনতামূলক দিবস পালন করে আসছে।তিনি জানান, দিবসটি উপলক্ষে পরবর্তীতে একটি বৈজ্ঞানিক (সায়েন্টিফিক) সেমিনারেরও আয়োজন করা হবে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা ফুসফুসের রোগ প্রতিরোধ, আধুনিক চিকিৎসা এবং সচেতনতা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।