উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাজীপুরের ডেগের চালার ফকির মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে ফকির মার্কেট এলাকার মেট্রিক্স গার্মেন্টসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আটতলা ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকেল সোয়া ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে নয়টি ইউনিট কাজ করছিল। আগুন নেভানোর পাশাপাশি ভবনের ভেতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে অভিযান চালান ফায়ার সার্ভিসের কর্মীরা।এ সময় পর্যন্ত ভবনটি থেকে ৬৭ জনকে উদ্ধার করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যাবে।