উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। বুধবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের বিশপুকুর এবং গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে করতোয়া ও বাঙালি নদীর বিভিন্ন পয়েন্টে অনুমোদন ছাড়াই ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। এতে নদীর তীর ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার পাশাপাশি নদীর স্বাভাবিক গতিপথও হুমকির মুখে পড়ছিল।গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন জানতে পারে, পৌরসভার বোয়ালিয়া এলাকায় এবং রাখালবুরুজ ইউনিয়নের বিশপুকুরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। পরে বিকেল ৩টার দিকে সেখানে ঝটিকা অভিযান চালানো হয়।প্রশাসনের অভিযান টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা। তবে ফেলে যাওয়া তিনটি ড্রেজার মেশিন ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং আগুনে পুড়িয়ে অকেজো করে দেওয়া হয়।অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর গতিপথ পরিবর্তন, নদীভাঙন এবং পরিবেশের ক্ষতির আশঙ্কা তৈরি হয়। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।তিনি আরও বলেন, অভিযানের সময় জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।