উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রীকে মারধর করে দাঁত ভেঙে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮ (পটুয়াখালী ক্যাম্প)।রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা সদর উপজেলার পুরাকাটা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোঃ রাশেদুল আহসান।জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রী ও অভিযুক্ত ফয়সাল পাশাপাশি বাড়ির বাসিন্দা ও সম্পর্কে আত্মীয়। অভিযুক্ত ফয়সাল প্রায়ই ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করাসহ কু-প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন স্কুলছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ফয়সাল ও তার সহযোগীরা তাকে এলোপাতাড়ি মারধর করে মারাত্মক জখম করে। হামলায় স্কুলছাত্রীর তিনটি দাঁত ভেঙে যায়।পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বেতাগী থানায় একটি মামলা দায়ের করেন।ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। বিষয়টি নিয়ে এসআরবি ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে অবস্থান নিশ্চিত হয়ে প্রধান অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।এসআরবি-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোঃ রাশেদুল আহসান বলেন, চাঞ্চল্যকর এই ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।