উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জয়পুরহাটের পাঁচবিবিতে নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিব (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চেচড়া গ্রামে নিজ বাড়ির পাশে একটি বাড়ির নির্মাণকাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এ দুর্ঘটনা ঘটে। সে চেচড়া গ্রামের মৃত গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির নির্মাণকাজে ব্যস্ত ছিলেন শ্রমিক হাবিব। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শ হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাবিবের বাড়িতে ছুটে যান পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দীন। তারা নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। তারা বলেন, কর্মস্থলে কাজ করার সময় সামান্য অসতর্কতাও যে কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, হাবিবের মর্মান্তিক মৃত্যু তারই বেদনাদায়ক উদাহরণ। তারা নিহতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
একই সঙ্গে নির্মাণ শ্রমিকদের উদ্দেশে তারা বলেন, “কাজ চলাকালীন সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বিদ্যুৎ সংযোগ, বৈদ্যুতিক তার ও অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে কাজ করার সময় নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।হাবিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক ও সাধারণ সম্পাদক জালাল উদ্দীন।ইউনিয়নের নেতারা জানান, হাবিবের দুটি ছোট সন্তান রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়বে। পরিবারের সদস্য ও বাড়ির মালিকের সাথে আলোচনা করে বাড়ির মালিক নিহত হাবিবের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সহায়তার অংশ হিসেবে তার পরিবারকে আমাদের মাধ্যমে দুই লাখ টাকা প্রদান করা হবে।
হাবিবের মৃত্যু শুধু একটি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে কেড়ে নেয়নি, বরং নির্মাণকাজে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তাকেও নতুন করে সামনে এনেছে।