উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানখেত থেকে হাছিনা (৩৫+) নামে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দোলাবাড়ি এলাকায় ধানখেত থেকে হাছিনার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।স্থানীয় সূত্রে জানা যায়, হাছিনা বালাপাড়া বাজারে একটি কনফেকশনারি দোকান পরিচালনা করতেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ির উদ্দেশে রওনা হন। এরপর শুক্রবার সকালে বালাপাড়া-বোতলগঞ্জ সড়কের পাশে, বালাপাড়া বাজার থেকে পূর্ব দিকে প্রায় ৪০০ গজ দূরে দোলাবাড়ি এলাকায় ধানখেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।নিহত হাছিনার স্বামী নুর রশিদ। তারা চিলাহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।মরদেহ উদ্ধারের পর ঘটনাটি তদন্তে নামে পুলিশ। ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি হাছিনা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে।তবে হত্যাকাণ্ডের কারণ, কীভাবে হত্যার ঘটনা ঘটেছে এবং এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।