উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জামালপুর সদর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পরিচালিত ‘এম আর বি ব্রিকস’ নামের একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার পিয়ারপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান সূত্রে জানা যায়, কোনো ধরনের পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধ ফিক্সড চিমনি ব্যবহার করে ‘এম আর বি ব্রিকস’ দীর্ঘদিন ধরে ইট প্রস্তুত ও ভাটার কার্যক্রম চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হায়দারের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। তবে অভিযানকালে ভাটার মালিক বা পরিচালনা পর্ষদের কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি।পরবর্তীতে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ অনুযায়ী আইনগত ব্যবস্থা হিসেবে অবৈধ ওই ইটভাটাটি ভেঙে সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়া হয়।অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালকসহ বাংলাদেশ পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি চৌকস দল উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করে।জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।