উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে ইরান প্রসঙ্গ উঠতেই সভাকক্ষ ছেড়ে বেরিয়ে যান দেশটির প্রতিনিধিদলের বেশিরভাগ সদস্য।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন ট্রাম্প। বক্তব্যের একপর্যায়ে তিনি ইরান ও দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের প্রসঙ্গ তোলেন। এ সময় ইরানি প্রতিনিধিদলের জ্যেষ্ঠ সদস্যরা একে একে হল ত্যাগ করেন। পরে সেখানে ইরানের একজন অপেক্ষাকৃত নিম্নপদস্থ কর্মকর্তা বসে ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।ট্রাম্প তাঁর ভাষণে ইরানের সঙ্গে চলমান সংঘাত, সম্ভাব্য শান্তিচুক্তি এবং তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন। তিনি শান্তিচুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকিও দেন। একই সঙ্গে নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে একটি সমঝোতা হতে পারে বলে মন্তব্য করেন।জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে ট্রাম্পের ভাষণের সময় তাঁদের সাধারণ পরিষদের হলে দেখা যায়নি।এর আগে ইরানের সামরিক কমান্ড জানিয়েছিল, যুক্তরাষ্ট্র দেশটির ওপর নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্য তারা পেয়েছে। তেহরান সতর্ক করে বলেছে, নতুন হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও স্বার্থের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।এদিকে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে। এবারের অধিবেশনে সভাপতিত্ব করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।