উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ময়মনসিংহ বিভাগে শীর্ষ স্থান অর্জনকারী দুই কৃতি শিক্ষার্থীকে জেলা প্রশাসনের সম্মাননা। জামালপুর মডেল আলিম মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জমকালো সংবর্ধনা এবং প্রতিষ্ঠানের আধুনিক ‘আইসিটি ল্যাব’ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগে প্রথম স্থান অর্জনকারী দুই মেধাবী শিক্ষার্থীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।২০২৬ সালের দাখিল পরীক্ষায় জামালপুর মডেল আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করেছে। এর মধ্যে বিজ্ঞান গ্রুপ থেকে ফারজানাতুল জান্নাত মিতু এবং মানবিক গ্রুপ থেকে বুশরা সিদ্দিকা পুরো ময়মনসিংহ বিভাগে প্রথম স্থান অর্জন করে মাদ্রাসা তথা জেলার নাম উজ্জ্বল করেছে। শিক্ষার্থীদের এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসনের পক্ষ থেকে উভয় শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী। তিনি ফিতা কেটে মাদ্রাসার নবনির্মিত আইসিটি ল্যাব উদ্বোধন করেন এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।বক্তারা শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের মেধা ও কঠোর পরিশ্রমের প্রশংসা করেন। তারা বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে এই আইসিটি ল্যাব বিশেষ ভূমিকা রাখবে। তারা শিক্ষার্থীদের আগামীতে আরও ভালো ফলাফল অর্জন এবং দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ অর্জনকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে উৎসাহিত করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।