উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার সুযোগ সবার কাছে পৌঁছে দিতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে।মন্ত্রী বলেন, নতুন ভবন নির্মাণের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নেও সমান গুরুত্ব দিতে হবে। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি বিদ্যালয়কে শিক্ষার্থীদের জ্ঞান ও মেধা বিকাশের উপযুক্ত প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। কোমলমতি শিশুদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে আধুনিক ও মানসম্মত অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ভবনের ফলে স্থানীয় শিক্ষার্থীরা আরও উন্নত পরিবেশে পাঠদানের সুযোগ পাবে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়।সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুমকুম ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সদর উপজেলার ইউএনও খোশনূর রুবাইয়াত, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ এবং উপজেলা শিক্ষা অফিসার শরীফ মো. নেয়ামত উল্লাহ।এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষে নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।