উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জামালপুরের বকশীগঞ্জে অটোরিকশাযোগে অবৈধভাবে পাচারের সময় ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের উত্তর বাজার এলাকার আল রেজা হাসপাতালের সামনে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধ উপায়ে সার পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের উত্তর বাজার এলাকায় অবস্থান নেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। এ সময় সন্দেহভাজন একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হলে সঠিক কাগজপত্র ছাড়াই পরিবহন করা ১৫ বস্তা ইউরিয়া সার শনাক্ত হয়। পরে তাৎক্ষণিকভাবে সারগুলো জব্দ করে উপস্থিত উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলামের জিম্মায় হস্তান্তর করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, সারগুলো জব্দ করে কৃষি কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়েছে। তিনি ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রি করে সরকারি কোষাগারে তা জমা দেবেন।কৃষকদের সারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের কৃত্রিম সংকট বা পাচার রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।