উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) এর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।রবিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।পুলিশ জানায়, মৃতের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং ওবায়দুল্লাহ নামের এক গাড়ি চালককে আসামি করা হয়েছে।জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার পর তাঁদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।এর আগে রবিবার সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে সিআইডি, পিবিআই ও ডিবির একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পর্যবেক্ষণ করে আলামত সংগ্রহ করে। পরবর্তীতে সুরতহাল ও ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।ঘটনার সময় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ওই ফ্ল্যাটেই উপস্থিত ছিলেন বলে পুলিশ নিশ্চিত করেছে।উল্লেখ্য, জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন গাজী নজরুল ইসলাম। এক তরুণীর সাথে তার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত ২২ জুলাই তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।