উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাদারীপুরের ডাসারে প্রায় ৭ লাখ টাকার স্বর্ণালংকার ও মালামাল নিয়ে মোসা. রুপা আক্তার (১৯) নামের এক সৌদি প্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছেন। নিখোঁজের চারদিন পার হলেও আজ শুক্রবার পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় ডাসার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।নিখোঁজ রুপা আক্তার উপজেলার পশ্চিম কমলাপুর গ্রামের সৌদি প্রবাসী আশিক মাতুব্বরের স্ত্রী এবং বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মাগুরা গ্রামের ফেরদাউস মোল্লার মেয়ে।পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে আশিক মাতুব্বরের ঘর থেকে বাবার বাড়ির উদ্দেশে বের হন রুপা। এরপর তিনি আর বাবার বাড়িতে পৌঁছেননি। সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে ওই দিন রাতেই রুপার বাবা ফেরদাউস মোল্লা ডাসার থানায় একটি জিডি (নং-৫১৯) করেন।প্রবাসে থাকা স্বামী আশিক মাতুব্বর অভিযোগ করেন, তার স্ত্রী বাড়ি থেকে বের হওয়ার সময় প্রায় ৭ লাখ টাকার স্বর্ণালংকার ও প্রয়োজনীয় মালামাল সঙ্গে নিয়ে গেছেন।এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ জানান, গৃহবধূ নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে। তাকে উদ্ধারের জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।