উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাদারীপুরের ডাসার উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ হোসেন ভূঁইয়া (২৫) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার দক্ষিণ ধুয়াসার এলাকার গ্রামীণ টাওয়ারের সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।গ্রেপ্তারকৃত হোসেন ভূঁইয়া ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের বাবুল ভূঁইয়ার ছেলে।জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ ফজলে এলাহীর প্রত্যক্ষ নির্দেশনায় ডিবির একটি চৌকস টিম মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। অভিযানকালে দক্ষিণ ধুয়াসার পাথুরিয়ার পাড় এলাকার গ্রামীণ টাওয়ারের সামনে পাকা রাস্তায় এক তরুণকে দেখে সন্দেহ হয়। এসময় ডিবির দল তাকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশিকালে তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।মাদারীপুর জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, গ্রেপ্তারকৃত হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদকের বিস্তার রোধের পাশাপাশি এলাকায় কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের দমন করতে পুলিশ সুপারের নির্দেশনায় এই সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।