উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ময়মনসিংহের ত্রিশালে পোল্ট্রি ফিডের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং উৎপাদিত ডিম ও
মুরগির ন্যায্য বাজারমূল্য না পাওয়ায় চরম অস্তিত্ব সংকটে পড়েছেন শতাধিক প্রান্তিক খামারি। ফিডের আকাশচুম্বী দামের কারণে প্রতিনিয়ত উৎপাদন খরচ বাড়লেও বাজারে মিলছে না ডিমের কাঙ্ক্ষিত দাম।ফলে ক্রমাগত লোকসান গুণতে গিয়ে অনেক খামারি ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন। ফিডের অস্বাভাবিক দাম বৃদ্ধি রোধ, কাঁচামাল আমদানিতে শুল্ক কমানো এবং উদীয়মান পোল্ট্রি খাতকে ধ্বংসের হাত থেকে রক্ষার দাবিতে রাজপথে নেমেছেন ভুক্তভোগী খামারিরা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন শাহজালাল হোটেলের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার শতাধিক প্রান্তিক খামারি ও পোল্ট্রি ব্যবসায়ী অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ত্রিশালের ফয়সাল আহমেদ সাগর, উজান পাড়ার নজরুল ইসলাম, নওপাড়া গ্রামের ফয়জুর রহমান ও মনিরুজ্জামান, সতের পাড়া গ্রামের গাফফার, অলহরি গ্রামের আব্দুস সামাদ, ত্রিশাল পৌরসভার ৮নং ওয়ার্ডের আকরাম হোসেন, রাশেদ, বড়মা গ্রামের আবু সাঈদ, বৈলরের আব্দুল করিম, ত্রিশালের হেলাল উদ্দিন এবং তুহিন। সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পোল্ট্রি খাত গ্রামীণ অর্থনীতি ও প্রোটিনের চাহিদা মেটাতে মূল ভূমিকা রাখছে। অথচ ফিড কোম্পানির মনগড়া দাম বৃদ্ধি ও সঠিক বাজার ব্যবস্থার অভাবে খামারিরা আজ নিঃস্ব।
দ্রুত সময়ের মধ্যে এই সংকট সমাধানে ও দেশীয় পোল্ট্রি শিল্পকে বাঁচাতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণ করা খামারিরা।