উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বস্তাপ্রতি বেশি দামে সার বিক্রি করার অপরাধে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক বিসিআইসি অনুমোদিত সার ডিলারকে ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকাল১০টায় উপজেলার শাহবাজপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পাশে অবস্থিত ওই সারের দোকানে এই অভিযান চালানো হয়।সরাইল উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মীর কামরুজ্জামান কবির সরাইল উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। জরিমানা প্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠানটি হলো শাহবাজপুর ২য় গেইট এলাকার বিসিআইসি অনুমোদিত সার ডিলার ‘মেসার্স মোঃ নূরুল ইসলাম কালন মিয়া’-র দোকান।ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,আজ সকালে শাহবাজপুর ১ম গেইট এলাকার কৃষক মোঃ কামাল মিয়া (৪৫) উক্ত দোকানে সার কিনতে যান। সরকারের নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি বস্তা সারের দাম ১৩৫০ টাকা হলেও, দোকানের বিক্রেতা তাঁর কাছে বস্তাপ্রতি ৫০ টাকা বেশি অর্থাৎ ১৪০০ টাকা দাবি করেন।সারের অতিরিক্ত দাম চাওয়ায় কৃষক কামাল মিয়া তাৎক্ষণিকভাবে উপজেলা কৃষি কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন। বিষয়টি জানার পর কৃষি কর্মকর্তা দ্রুত ওই কৃষককে সাথে নিয়ে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবিরকে পুরো ঘটনাটি অবহিত করেন।অভিযোগের সত্যতা যাচাইয়ে ইউএনও মীর কামরুজ্জামান কবির, উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা দ্রুত সরজমিনে শাহবাজপুর ২য় গেইটের ওই সারের দোকানে উপস্থিত হন।সেখানে ভুক্তভোগী কৃষকের জবানবন্দি গ্রহণ এবং প্রাথমিক তদন্তে নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা চাওয়ার প্রমাণ পাওয়ায়, নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবিরের আদেশে ওই সার ব্যবসায়ীকে নগদ ২০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়।অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারের বাজার নিয়ন্ত্রণে কঠোর বার্তা দিয়ে বলেন, কৃষকদের জিম্মি করে কোনোভাবেই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা যাবে না। ভবিষ্যতে যদি কোনো ডিলার বা ব্যবসায়ীর বিরুদ্ধে এমন সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, তবে আরও বড় অঙ্কের অর্থদণ্ডসহ কঠোর আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।