উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে সার পরিবহন ও মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫৮ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় তিন ভ্যানচালক ও এক সার ব্যবসায়ীকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রোববার রাতে উপজেলার তিরনইহাট ইউনিয়নে অভিযান চালিয়ে তিনটি ভ্যান থেকে ৩৫ বস্তা সার জব্দ করা হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারগুলো আটক করে। পরে জব্দ করা সার তেঁতুলিয়া উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।জানা যায়, তিরনইহাট ইউনিয়ন থেকে তিনটি ভ্যানে করে সারগুলো শালবাহান হাটে নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয়রা প্রশাসনকে জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সারগুলো জব্দ করেন।অবৈধভাবে সার পরিবহনের দায়ে সার ব্যবস্থাপনা আইনে তিন ভ্যানচালককে পৃথকভাবে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই আইনে তিরনইহাট ইউনিয়নের সার সরবরাহকারী প্রতিষ্ঠান রেশমা ট্রেডার্সের ম্যানেজার শাকিল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এদিকে, একই রাতে তিরনইহাট ইউনিয়নের মানিক ইসলামের বাড়িতে অবৈধভাবে সার মজুদের অভিযোগে অভিযান চালানো হয়। সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় ওই বাড়ি থেকে আরও ২৩ বস্তা সার জব্দ করা হয়।তবে অভিযানকালে বাড়ির লোকজন পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা জরিমানা করা সম্ভব হয়নি।তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন জানান, জব্দ করা সারগুলো সংশ্লিষ্ট এলাকার ডিলারদের মাধ্যমে কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।