উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পঞ্চগড়ের দেবীগঞ্জে সোলার বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি কৃষিভিত্তিক এগ্রোজোন ও সবুজায়ন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সম্ভাব্য বিনিয়োগ ও প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে দেবীগঞ্জের প্রকল্প এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় চীন, সিঙ্গাপুর ও দুবাইসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারী প্রতিনিধি এবং দেশীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে। কৃষিভিত্তিক এগ্রোজোন ও সবুজায়নের মাধ্যমে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়বে।বিদ্যুৎ সংকট মোকাবিলায় দ্রুত সোলার প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে ফরহাদ হোসেন আজাদ বলেন, পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া সম্ভব হলে আগামী ডিসেম্বরের মধ্যে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এগিয়ে যাওয়া সম্ভব হবে। এতে গ্রাম পর্যায়ে বিদ্যুতের চাহিদা পূরণে সহায়তা মিলবে।বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়ন হলে স্থানীয় জনগণকে কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়া হবে। এর ফলে বেকারত্ব কমার পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানও উন্নত হবে।এদিকে প্রকল্প এলাকা পরিদর্শন শেষে বিদেশি প্রতিনিধিরা জানান, এখানকার জমি প্রাকৃতিকভাবে ভালো এবং বিনিয়োগের জন্য সম্ভাবনাময়। তারা নিজ নিজ দেশে ফিরে বোর্ড সভায় বিষয়টি আলোচনা করে বিনিয়োগের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।পরে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপির নেতৃত্বে বিদেশি প্রতিনিধি দলটি পঞ্চগড়ের বন্ধ থাকা সুগার মিল পরিদর্শন করেন। সেখানে সম্ভাব্য বিনিয়োগ ও প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারী ও প্রতিনিধিদের মধ্যে ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহাবুব হোসেন, চীনের জুলং গ্রুপের চেয়ারম্যান পেং ওয়াং, রিচটেকের সিইও শিয়াংহাই হান, জিয়ানজুন সান ও ইংজি ঝু, সিঙ্গাপুরের প্রতিনিধি চুয়া সিন তাত (কাই শেংদা)সহ বাংলাদেশি প্রতিনিধি। এছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।