উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
"আমার কাছে কাউকে আসতে হবে না, আমি নিজেই খাবার পৌঁছে দেব"—নির্বাচনের আগে দেওয়া এই কথা কেবল কোনো আনুষ্ঠানিক আশ্বাস ছিল না, তা বাস্তবে রূপ দিতে মাঠে নেমেছেন নবনির্বাচিত সংসদ সদস্য। মাদারীপুর-১ (শিবচর) আসনের এমপি সাইদ উদ্দিন আহমাদ হানজালা সম্প্রতি গভীর রাতে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন।শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মাঝরাতে এমপিকে হঠাৎ দোরগোড়ায় দেখে অবাক ও আপ্লুত হন সাধারণ মানুষ। নির্বাচনী প্রচারণার সময় হযরত উমর (রা.)-এর প্রজাহিতৈষী শাসনব্যবস্থার কথা উল্লেখ করে জনসেবার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, এই উদ্যোগকে তারই বাস্তবায়ন হিসেবে দেখছেন স্থানীয়রা। উপহার পৌঁছে দেওয়ার সেসব মুহূর্ত ও ছবি ইতোমধ্যে সংসদ সদস্যের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে।গভীর রাতে এমপি সাইদ উদ্দিন আহমাদ হানজালাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কুতুবপুরের বয়োজ্যেষ্ঠ বাসিন্দা সমিরুন্নেছা। এমপির মাথায় হাত রেখে দোয়া করে তিনি বলেন, "আগে কখনো কোনো এমপিকে চোখেই দেখিনি। আর আজ নতুন এমপি নিজে খাবার নিয়ে আমার দুয়ারে হাজির হয়েছেন। আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন।"নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিটি অঙ্গীকার পূরণে তিনি বদ্ধপরিকর। সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা ও উন্নয়ন পৌঁছে দিতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা ও কিছুটা সময় কামনা করেন।উল্লেখ্য, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে ‘রিকশা’ প্রতীকে ৬৪ হাজার ৯০৯ ভোট পেয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন সাইদ উদ্দিন আহমাদ হানজালা।