উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কয়েকদিন আগে সন্তানের বাবা হওয়া পিয়াসের অকাল বিদায় মেনে নিতে পারছে না।
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণ চলাকালীন ট্যাংক দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের মধ্যে একজন নোয়াখালীর কৃতী সন্তান।
নিহত সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস (২৪) বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুল্সি সদ্দার বাড়ির মালিপাড়া গ্রামে।
বুধবার (৯ সেপ্টেম্বর, ২০২৬) তাঁর মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও স্থানীয় এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলন চলছিল। এ সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের মুহূর্তে আকস্মিক ও অপ্রত্যাশিত এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সৈনিক পিয়াসসহ দুই সেনাসদস্য নিহত হন।
এ ঘটনায় সেনাবাহিনীর একজন কর্মকর্তা গুরুতর আহত হলে তাকে বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নিহত সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস মালিপাড়া গ্রামের আবদুল ওয়াবের ছেলে। তিনি ছিলেন তিন বোনের একমাত্র ভাই। অত্যন্ত সাধারণ পরিবারে বেড়ে ওঠা পিয়াস ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এবং সবার আশার প্রদীপ।
চাকরির সুবাদে তিনি পরিবার-পরিজন নিয়ে চট্টগ্রামের সেনা কোয়ার্টারে বসবাস করতেন।সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, মাত্র কয়েকদিন আগেই পিয়াসের ঘর আলো করে একটি ফুটফুটে নবজাতক সন্তান জন্ম নেয়। সন্তান জন্মের আনন্দের রেশ কাটতে না কাটতেই তাঁর এই আকস্মিক মৃত্যুর খবর আসে। বাবার স্নেহ ও ভালোবাসা বোঝার আগেই সদ্য পৃথিবীতে আসা শিশুটি পিতৃহারা হলো।
একমাত্র ছেলেকে হারিয়ে বাবা আবদুল ওয়াব ও মা শয্যাশায়ী হয়ে পড়েছেন। স্ত্রীর আহাজারি আর স্বজনদের কান্নায় পুরো সুন্দলপুর ইউনিয়নের বাতাস ভারী হয়ে উঠেছে। প্রতিবেশীরা জানান, পিয়াস ছোটবেলা থেকেই অত্যন্ত শান্ত, নম্র ও সহজ-সরল প্রকৃতির ছিলেন।
দেশের সেবায় নিয়োজিত এই তরুণ সৈনিকের এমন অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূদম পুষ্প চাকমা এ বিষয়ে বলেন, "সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াসের আকস্মিক মৃত্যুর খবরটি অত্যন্ত বেদনাদায়ক। দেশের সেবায় নিয়োজিত একজন তরুণের এভাবে চলে যাওয়া আমাদের গভীরভাবে শোকাহত করেছে। বিশেষ করে সদ্যোজাত সন্তানকে রেখে তাঁর চলে যাওয়ার বিষয়টি সত্যিই হৃদয়বিদারক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
সেনাবাহিনীর আনুষ্ঠানিক প্রক্রিয়া ও আইনি কার্যক্রম শেষ করে মরদেহ দ্রুতই কবিরহাটের নিজ গ্রামে আনা হবে এবং রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।