উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন যাত্রী।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী 'টুঙ্গীপাড়া এক্সপ্রেস' পরিবহনের একটি যাত্রীবাহী বাস মুকসুদপুর উপজেলার গেড়াখোলা এলাকায় পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে গাড়িটি মহাসড়কের পাশে গভীর খাদে উল্টে পড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে নামেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মুকসুদপুর থানা-পুলিশ উদ্ধার অভিযানে যোগ দেয়।দুর্ঘটনাস্থলেই তিন যাত্রী করুণ মৃত্যুবরণ করেন। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশের দল উদ্ধার অভিযান সম্পন্ন করেছে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিতের প্রক্রিয়া চলছে।এদিকে, গোপালগঞ্জের মুকসুদপুর অংশে প্রতিনিয়তই এমন সড়ক দুর্ঘটনায় ঝরে পড়ছে তাজা প্রাণ, পঙ্গুত্ব বরণ করছেন অনেকে। বারবার দুর্ঘটনার শিকার হয়ে বহু পরিবার নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় সচেতন মহলের মতে, সড়ক দুর্ঘটনা রোধে চালকদের অসাবধানতা পরিহার করতে হবে এবং গাড়ি মালিকদেরও যান্ত্রিক সুরক্ষায় কঠোর ভূমিকা রাখতে হবে।