উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিলেটের স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক ও জনবান্ধব করতে বড় সুখবর দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানিয়েছেন, শিগগিরই সিলেটে একটি বিশেষায়িত শিশু হাসপাতাল এবং দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ থাকা ৪৫০ শয্যার ক্যান্সার ইনস্টিটিউট চালু করা হবে। পাশাপাশি পূর্বঘোষিত ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে সঙ্গে নিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বর্তমানে তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। বিশেষ করে ৪৫০ শয্যার ক্যান্সার ইনস্টিটিউটের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার জন্য স্বাস্থ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।তিনি আরও বলেন, নতুন শিশু হাসপাতাল, ক্যান্সার ইনস্টিটিউট, ২৫০ শয্যার হাসপাতাল এবং প্রস্তাবিত মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সিলেটের স্বাস্থ্যখাতে যুগান্তকারী পরিবর্তন আসবে। এতে শুধু সিলেট নয়, পুরো বিভাগের মানুষ উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরীসহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।