উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গোপালগঞ্জের মুকসুদপুরে একটি নোহা মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাটিকামারী ব্রিজ এলাকা থেকে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করেছে আভিযানিক দল।
গ্রেপ্তারকৃতরা হলেন—মুকসুদপুর উপজেলার আকদিয়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে হাসমত আলী শেখ (৭৯) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা গ্রামের শাহিন মিয়ার ছেলে মাহবুবুর রহমান (২৫)।
র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাটিকামারী বাজারের উত্তর পাশে ব্রিজের কাছে অবস্থান নেয় র্যাবের একটি চৌকস দল। একটি সন্দেহভাজন নোহা মাইক্রোবাস সেখানে পৌঁছালে র্যাব সদস্যরা সেটির গতিপথ রোধ করেন। পরে গাড়িটি তল্লাশি করে সুকৌশলে লুকিয়ে রাখা ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত আলামত ও জব্দ করা যানসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মুকসুদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।