উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে রোববার (৩০ আগস্ট) নগরীর বন্দরবাজার পোস্ট অফিসের সামনের এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে এ অভিযানে সিলেট সিটি করপোরেশন ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সহযোগিতা করে।অভিযানের শুরুতেই খবর দ্রুত বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ায় অনেকেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। ফলে কয়েকজনকে হাতেনাতে আটক করা সম্ভব হয়নি। এরপরও অভিযানে তিনজনকে অর্থদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে দুজনকে এক হাজার টাকা করে এবং একজনকে পাঁচশ টাকা জরিমানা করা হয়। মোট আড়াই হাজার টাকা জরিমানা আদায় করা হলেও এ অভিযানে কাউকে আটক করা হয়নি।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আহমেদ রুনা জানান, জেলা প্রশাসনের উদ্যোগে সিলেট সিটি করপোরেশন ও সিলেট মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় নগরজুড়ে নিয়মিতভাবে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। তবে অনেক সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে অবৈধ দখলদার ও অনিয়মকারীরা তাদের মালামাল ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ কারণে অনেক ক্ষেত্রে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মামলা করা সম্ভব হয় না।তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে পরিত্যক্ত মালামাল জব্দ করা হয়। পরে প্রকৃত মালিক যথাযথ প্রমাণ উপস্থাপন করলে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে অনেক ক্ষেত্রে মালামাল ফেরত দেওয়া হয়। তবে কেউ মালিকানা প্রমাণে ব্যর্থ হলে বা ভুল তথ্য দিলে সিটি করপোরেশনের সহযোগিতায় জব্দকৃত মালামাল বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।তিনি বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় দীর্ঘদিন ধরেই এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে এবং জনস্বার্থে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।